সিলেটের পিয়াইন নদীতে মিলল ভারতীয় নাগরিকের লাশ
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে শনিবার সকালে ভাসমান অবস্থায় এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, সকালে বল্লাঘাট এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
পরে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে উদ্ধার করেন। ওসি জানান, উদ্ধার হওয়া লাশটি ভারতের খাসিয়া সম্প্রদায়ের কোনো ব্যক্তির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়ত লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। লাশটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Post a Comment